খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ভারত সীমান্তসংলগ্ন এলাকায় অস্ত্র চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিজিবির বিশেষ অভিযানে চোরাকারবারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় ৮ থেকে ১০ মিনিটের গোলাগুলির একপর্যায়ে চোরাকারবারীরা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিদেশি ও দেশীয় অস্ত্র, গুলি, ভারতীয় মুদ্রা এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৭ জুলাই) ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের দেওয়াননগর বিওপির অধীন সিংহপাড়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৩ বিজিবির যামিনীপাড়া ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল।
বিজিবি জানায়, অভিযানের সময় সীমান্তের কাছে কয়েকজন সন্দেহভাজন অস্ত্র চোরাকারবারীর গতিবিধি নজরে আসে। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, পিস্তলের ১৪ রাউন্ড গুলি (যার মধ্যে ৩টি খোসা ও ৩টি তাজা কার্তুজ), প্রায় ১ হাজার ৬০০ ভারতীয় রুপি এবং একটি ব্যাগসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা অস্ত্র ও আলামত নিয়ে টহল দল ক্যাম্পে ফেরার সময় চোরাকারবারীরা সেগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট উভয় পক্ষের মধ্যে গোলাগুলির পর চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে পালিয়ে যায়।
বিজিবি আরও জানায়, এ ঘটনায় তাদের সদস্য বা অন্য কোনো ব্যক্তির হতাহতের ঘটনা ঘটেনি। গোলাগুলির পর পুরো সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।