দেশব্যাপী আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর প্রথম আসরের জাতীয় পর্বের গ্র্যান্ড ফাইনাল ও জমকালো সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী সোমবার আর্মি স্টেডিয়ামে। অনুষ্ঠানে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সমাপনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের খুদে ক্রীড়াবিদদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রী সরাসরি মাঠের কার্যক্রমে অংশ নেবেন।
বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে পৌঁছে তিনি রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যে বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এরপর অনুষ্ঠিত হবে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল।
এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট—এই আটটি ডিসিপ্লিনে অংশ নেয়।
আঞ্চলিক পর্ব শেষে ২০ জুলাই ঢাকার বিভিন্ন ভেন্যুতে জাতীয় পর্ব শুরু হয়। এতে দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ জন ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নিয়েছেন।
আয়োজকদের আশা, এ ধরনের প্রতিযোগিতা দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার পাশাপাশি ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!