দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪৫৮ জন রোগী ভর্তি হয়েছেন।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জনে পৌঁছেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১৩ হাজার ৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১১ হাজার ৯৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

মৃতদের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, এ পর্যন্ত মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ২৫ জন নারী, যা মোট মৃত্যুর ৫৮ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ১৮ জন পুরুষ, যা মোট মৃত্যুর ৪১ দশমিক ৯ শতাংশ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!