দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিন পর্যাপ্ত জনবল নিয়োগ না হওয়ায় চিকিৎসাসেবায় সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, গত ১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় বর্তমানে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর ঘাটতি দেখা দিয়েছে। এ সংকট কাটিয়ে উঠতে সরকার ধাপে ধাপে জনবল নিয়োগ এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে সরকার ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি পর্যায়ক্রমে ডায়ালাইসিস সুবিধাও চালু করা হবে।

এর আগে সকাল ১০টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এ সময় দীর্ঘদিন ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডা. শাওলি নানজীবা তন্নির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের চুরির ঘটনার দায়ে নাইট গার্ড মোস্তফাকে বরখাস্ত করার নির্দেশ দেন।

পরে দুপুর ১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের রান্নাঘর, ওয়ার্ড ও ওয়াশরুম ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় এক মাসেরও বেশি সময় ধরে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডা. সোহানা সেলিমকে বরখাস্ত করা হয়।

এরপর তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কায়সার আজিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, হাসপাতালের পরিচালক ডা. খুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আব্দুস সালামসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!