বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষাগুলোর মধ্যে পাঁচটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এজন্য যেসব শিক্ষার্থী ওই দিন পরীক্ষায় অংশ নিতে পারেননি, কিন্তু পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

যেসব বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে, সেগুলোর মধ্যে রয়েছে— পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র। এছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষাও এর আওতায় রয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগ্রহী পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে আগামী ২৯ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, বিষয়টি অত্যন্ত জরুরি। তাই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ বা বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই পুনরায় পরীক্ষার এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!