ভুয়া প্রোফাইল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি জাল অ্যাকাউন্ট এবং প্রতারণামূলক কার্যক্রম কমাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি ফেসবুক ব্যবহারকারীদের জন্য চালু করতে যাচ্ছে একটি বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, যার জন্য কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।

শুক্রবার (২৪ জুলাই) ফেসবুকের প্রধান টম অ্যালিসন এ ঘোষণা দেন। তিনি জানান, নতুন ভেরিফিকেশন ব্যবস্থায় ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি ব্যবহারকারীর বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। পুরো প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হতে পারে।

মেটা জানিয়েছে, এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হতে হবে। পরিচয় যাচাই সফল হলে ব্যবহারকারীর মূল প্রোফাইলের পাশাপাশি Facebook Marketplace, Facebook Dating এবং প্ল্যাটফর্মের অন্যান্য নির্দিষ্ট সেবাতেও ভেরিফায়েড ব্যাজটি প্রদর্শিত হবে।

তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এই নতুন ব্যাজ কোনো সেলিব্রিটি, জনপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক পরিচয়ের প্রতীক নয়। এটি কেবল নিশ্চিত করবে যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন। ফলে এটি অর্থের বিনিময়ে পাওয়া Meta Verified সাবস্ক্রিপশন সেবার বিকল্প হিসেবে বিবেচিত হবে না।

মেটার ভাষ্য অনুযায়ী, বর্তমানে জেনারেটিভ এআই ব্যবহার করে খুব সহজেই বাস্তবসম্মত ছবি ও তথ্য দিয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে। এসব অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রতারণামূলক বার্তা ছড়িয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হয়। নতুন ভেরিফিকেশন ব্যবস্থা এমন জালিয়াতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এদিকে ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে টিকটকের আদলে ফুল-স্ক্রিন ইমারসিভ ভিডিও ফিড পরীক্ষামূলকভাবে চালু করছে মেটা। প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারী এই সুবিধা পাবেন। চাইলে তারা আগের ফিডভিত্তিক ইন্টারফেসেও ফিরে যেতে পারবেন।

মেটা আরও জানিয়েছে, পেজ বা প্রমোটেড অ্যাকাউন্টের ক্ষেত্রে এই বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ প্রযোজ্য হবে না। আগামী সোমবার থেকে নির্বাচিত কয়েকটি দেশে ধাপে ধাপে ফিচারটি চালু করা হবে। পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!