চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আন্দ্রে পিরলোর নিয়োগ প্রায় নিশ্চিত। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) ইতোমধ্যে সাবেক এই কিংবদন্তি মিডফিল্ডারের সঙ্গে চার বছরের চুক্তিতে সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম।

ইতালিয়ান দৈনিক লা রিপাবলিকা-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৪৭ বছর বয়সী পিরলোই হতে যাচ্ছেন আজ্জুরিদের নতুন প্রধান কোচ। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের ফার্স্ট ডিভিশন লিগের ক্লাব দুবাই ইউনাইটেড-এর দায়িত্বে রয়েছেন।

সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত পিরলো ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। খেলোয়াড়ি জীবনে তিনি ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর হয়ে দীর্ঘ সময় সফলতার সঙ্গে খেলেছেন।

কোচিং ক্যারিয়ারেও ইতোমধ্যে অভিজ্ঞতা অর্জন করেছেন পিরলো। ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার অধীনে ক্লাবটি কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ শিরোপা জেতে।

পিরলোর নিয়োগের খবর প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ইতালির কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা। রয়টার্সের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এফআইজিসি সভাপতি জোভান্নি মালাগোর সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও ইতালির দায়িত্ব নিতে আগ্রহ দেখাননি স্প্যানিশ এই কোচ।

এর আগে গত এপ্রিলে ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর প্রধান কোচ জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেন। এরপর থেকেই নতুন কোচের খোঁজ শুরু করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

পিরলো ও গার্দিওলার পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল এফআইজিসি। তবে শেষ পর্যন্ত পিরলোকেই ইতালির নতুন যুগের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যম।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!