রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্পিকার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ নম্বর দফা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র তাঁর কাছে জমা দেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ সম্পর্কে স্পিকার জানান, লিখিতভাবে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। তাঁর হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি-সংক্রান্ত সমস্যা রয়েছে। এছাড়া আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছে।

স্পিকার আরও জানান, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতির অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। চিকিৎসাজনিত এই জটিলতার কারণেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনিই রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নিয়েছিলেন। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, যদি কোনো কারণে স্পিকারের পদ শূন্য থাকে, তাহলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন। সংবিধানের বিধান অনুসারেই বর্তমান সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সূত্র:জাতীয় সংসদের স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!