বাংলা সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারকে সম্মান জানাতে আজ (বৃহস্পতিবার) রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে এক ব্যতিক্রমী সংগীত সন্ধ্যা। ‘সেলিব্রেটিং বাপ্পা মজুমদার’ শিরোনামের এ আয়োজনে এবার মঞ্চে গান গাইবেন না বাপ্পা; বরং শ্রোতার আসনে বসে শুনবেন তাঁরই গাওয়া জনপ্রিয় গান, যা পরিবেশন করবেন দেশের আটজন তরুণ শিল্পী।

রাজধানীর বনানীর যাত্রা বিরতি রেস্তোরাঁয় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানে বাপ্পা মজুমদারের জনপ্রিয় গান পরিবেশন করবেন এলিটা করিম, শুভ (ডি’রকস্টার তারকা), ফারহিন খান জয়িতা, জয় শাহরিয়ার, খৈয়াম সানু সন্ধি, ইউসুফ আহমেদ খান, কারিশমা সানু সভ্যতা এবং ইমতিয়াজ সৌরভ।

সংগীত পরিবেশনায় সহযোগিতা করবেন বিপু, রিয়াদ, নিপু ও রিমন। পুরো আয়োজনের সমন্বয় ও নেতৃত্বে রয়েছেন শিল্পী ও সংগীত আয়োজক খৈয়াম সানু সন্ধি। বাপ্পা মজুমদারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

এই আয়োজন নিয়ে নিজের অনুভূতি জানিয়ে বাপ্পা মজুমদার বলেন, প্রিয় অনুজ শিল্পীদের কণ্ঠে নিজের গান শ্রোতা হয়ে শুনতে পারা তাঁর জন্য বিশেষ এক অভিজ্ঞতা। ভালোবাসা ও সম্মানের এমন প্রকাশ শিল্পীজীবনের অন্যতম বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, এই স্মৃতি আজীবন মনে রাখার মতো।

অন্যদিকে শিল্পী জয় শাহরিয়ার বলেন, তাঁদের প্রজন্মের অনেক শিল্পীই বাপ্পা মজুমদারের গান শুনে বড় হয়েছেন। তাঁর সৃষ্টি নতুন শিল্পীদের অনুপ্রাণিত করেছে। তাই জীবদ্দশায় একজন গুণী শিল্পীকে সম্মান জানানোকে তাঁরা নিজেদের দায়িত্ব বলেই মনে করেছেন।

তিনি আরও বলেন, সাধারণত কোনো শিল্পী মৃত্যুর পর তাঁকে নিয়ে শ্রদ্ধাঞ্জলির আয়োজন বেশি দেখা যায়। কিন্তু একজন শিল্পী জীবিত থাকতেই তাঁর অবদানকে সম্মান জানানো উচিত। সেই ভাবনা থেকেই কয়েকজন শিল্পী মিলে এই আয়োজনের পরিকল্পনা করেন। তাঁদের আশা, বাপ্পা মজুমদারকে শ্রোতার আসনে বসিয়ে তাঁরই কালজয়ী গান পরিবেশনের এই উদ্যোগ সংগীতপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বাংলা ব্যান্ড ও আধুনিক গানের অঙ্গনে দীর্ঘদিন ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন বাপ্পা মজুমদার। তাঁর গাওয়া ও সুর করা বহু গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। তাই এই ব্যতিক্রমী আয়োজনকে শিল্পীর প্রতি নতুন প্রজন্মের ভালোবাসা ও সম্মানের এক অনন্য প্রকাশ হিসেবে দেখছেন সংগীত সংশ্লিষ্টরা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!