খাগড়াছড়িতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি ও ষাণ্মাসিক তদারকি সভার একটি দৃশ্যখাগড়াছড়িতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি ও ষাণ্মাসিক তদারকি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলার সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, গত ছয় মাসের কাজের মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নাজমুস সাকিব।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ ইকবাল মাহমুদ।
বক্তারা বলেন, একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠনের শক্তি নির্ভর করে তৃণমূলের কার্যক্রমের ওপর। তাই প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় ও দায়িত্বশীলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, প্রশিক্ষণ, শিক্ষা-সাহিত্য চর্চা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গত ছয় মাসের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিভিন্ন থানা ও ইউনিটের কার্যক্রম, সাফল্য, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিনিধি ও দায়িত্বশীলদের মতামত গ্রহণ করা হয়। সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে বিভিন্ন কমিটির দায়িত্বে পরিবর্তন আনার বিষয়েও আলোচনা হয়।
কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, জবাবদিহিতা এবং নিয়মিত তদারকির মাধ্যমে কাজ করতে হবে। আদর্শিক চর্চা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ছাত্রসমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা, থানা ও শিক্ষা প্রতিষ্ঠান শাখার প্রতিনিধি এবং দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ছয় মাসের সাংগঠনিক পরিকল্পনা, কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূলের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।