‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে চারদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান এবং বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনভূমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে গাছ কাটা, পাহাড় ধ্বংস এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
চারদিনব্যাপী এ মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বন বিভাগ এবং নার্সারি মালিকরা ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করছেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!