বাংলাদেশের ফ্রিল্যান্সার ও ডিজিটাল সেবা রপ্তানিকারকদের জন্য বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার জারি করা এক নতুন সার্কুলারে বৈদেশিক আয় গ্রহণ, সংরক্ষণ এবং ব্যবহারের ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে, যা দেশের দ্রুত বিকাশমান ডিজিটাল সেবা খাতের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ফ্রিল্যান্সাররা এখন প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ই-মেইল, ইনভয়েস এবং অন্যান্য ডিজিটাল যোগাযোগের তথ্য বৈদেশিক আয় গ্রহণের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন। ফলে প্রচলিত রপ্তানি নথির ওপর নির্ভরতা কমবে এবং বিদেশ থেকে আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ হবে।
এছাড়া ক্ষুদ্র অঙ্কের বৈদেশিক আয় গ্রহণের ক্ষেত্রেও বড় ধরনের সুবিধা দেওয়া হয়েছে। এখন থেকে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ইনওয়ার্ড রেমিট্যান্স কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র ছাড়াই গ্রহণ করা যাবে।
একই সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার (OPGSP)–এর মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার গ্রহণের সুযোগ রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে এসব অর্থ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।
ডিজিটাল লেনদেন আরও সহজ করতে ডুয়াল-কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ চালুর সুযোগও রাখা হয়েছে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (MFSP) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP)–এর ব্যবহার সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বৈদেশিক অর্থ গ্রহণ ও ব্যবহারে আরও গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সার্কুলারে আরও বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা তাদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রায় এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ERQ) হিসাবে সংরক্ষণ করতে পারবেন। অন্যদিকে, অন্যান্য সেবা রপ্তানিকারকদের জন্য এ সীমা ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে আন্তর্জাতিক পরিশোধ, সফটওয়্যার সাবস্ক্রিপশন, ক্লাউড সেবা এবং অন্যান্য ব্যবসায়িক ব্যয় মেটানো সহজ হবে।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই নির্দেশনা ডিজিটাল অর্থনীতি ও ফ্রিল্যান্সিং খাতের বাস্তব চাহিদার সঙ্গে নিয়ন্ত্রক কাঠামোকে আরও সামঞ্জস্যপূর্ণ করেছে।
নতুন এ উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেনের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এটি দেশের ডিজিটাল সেবা রপ্তানিকে আন্তর্জাতিক বাজারে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!