বিয়ে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত এবং একটি পবিত্র সামাজিক বন্ধন। এর মাধ্যমে মানুষের জৈবিক চাহিদা পূরণের পাশাপাশি গড়ে ওঠে শান্তিপূর্ণ পরিবার, রক্ষা পায় বংশধারা এবং প্রতিষ্ঠিত হয় পারস্পরিক ভালোবাসা ও দায়িত্ববোধ। তাই ইসলাম প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান মুসলমানদের অযথা বিলম্ব না করে বিয়ে করার উৎসাহ দিয়েছে।
তবে বর্তমান সময়ে নানা কারণে গোপন বিয়ে নিয়ে আলোচনা ও বিতর্ক দেখা যায়। অনেকেই জানতে চান—পরিবার বা সমাজকে না জানিয়ে বিয়ে করলে সেটি কি শরিয়তের দৃষ্টিতে বৈধ? এ বিষয়ে ইসলামী শরিয়তের নির্দেশনা কী?
বিয়ে বৈধ হওয়ার মৌলিক শর্ত কী?
ইসলামী শরিয়তে বিয়ে একটি চুক্তি (আকদ), যার বৈধতার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা আবশ্যক।
যদি কোনো পুরুষ ও নারী কোনো সাক্ষী ছাড়াই নির্জনে শুধু ইজাব-কবুল করেন, তাহলে ইসলামী আইনজ্ঞদের সর্বসম্মত মত অনুযায়ী সেই বিয়ে বৈধ নয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ وَشَاهِدَيْ عَدْلٍ
অর্থ: “অভিভাবক ও দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় না।”
— (সুনান আল-বায়হাকি, হাদিস: ১৪৭৩৯)
অর্থাৎ সাক্ষীর উপস্থিতি বিয়ের অন্যতম মৌলিক শর্ত।
সাক্ষী থাকলে কি সেটি গোপন বিয়ে?
যদি দুইজন যোগ্য সাক্ষীর উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় এবং পরে সেটি প্রকাশ করতে কোনো বাধা না থাকে, তাহলে শরিয়তের দৃষ্টিতে এটিকে গোপন বিয়ে বলা হয় না।
এ ধরনের বিয়ে বৈধ হওয়ার বিষয়ে ফকীহদের মধ্যে মতভেদ নেই।
তবে যদি বিয়ের সময় সাক্ষীদের বলা হয় যে, তারা যেন কারও কাছে এই বিয়ের কথা প্রকাশ না করেন, তাহলে বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে ভিন্নমত রয়েছে।
আলেমদের মতামত কী?
জামিয়া আল-আজহারের সাবেক গ্র্যান্ড ইমাম শায়খ মাহমুদ শালতুত (রহ.) উল্লেখ করেছেন, সাক্ষীর উপস্থিতিতে বিয়ে হলেও যদি গোপন রাখার শর্ত আরোপ করা হয়, তাহলে অধিকাংশ ফকীহ এটিকে মাকরুহ (অপছন্দনীয়) বলেছেন।
তাদের একদল মনে করেন, সাক্ষী উপস্থিত থাকলে বিয়ে বৈধ হয়ে যায়। পরে গোপন রাখার শর্ত বিয়ের মূল বৈধতাকে নষ্ট করে না।
অন্যদিকে ইমাম মালিক (রহ.) ও তাঁর অনুসারী অনেক আলেমের মতে, সাক্ষীদের গোপন রাখার শর্ত সাক্ষ্য প্রদানের মূল উদ্দেশ্যকেই নষ্ট করে দেয়। কারণ সাক্ষী রাখার অন্যতম উদ্দেশ্য হলো সমাজে বিয়ের বিষয়টি প্রতিষ্ঠিত করা, যাতে ভবিষ্যতে কোনো সন্দেহ, অস্বীকার বা অধিকারবঞ্চনার সুযোগ না থাকে।
ইসলাম কেন বিয়ে প্রকাশ করতে বলেছে?
ইসলাম বিয়েকে গোপন না রেখে প্রকাশ করার প্রতি গুরুত্ব দিয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
أَعْلِنُوا هَذَا النِّكَاحَ
অর্থ: “তোমরা এই বিয়ে প্রকাশ কর।”
— (মুসনাদ আহমদ: ১৬১৩০, জামে তিরমিজি: ১০৮৯)
এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ে সমাজের কাছে পরিচিত হওয়াই ইসলামের কাম্য।
কোরআন কী শিক্ষা দেয়?
আল্লাহ তাআলা ইরশাদ করেন—
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً
অর্থ:
“আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি হলো, তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া।”
— (সুরা আর-রূম, আয়াত: ২১)
এই আয়াতে বিয়ের মূল উদ্দেশ্য হিসেবে প্রশান্তি, ভালোবাসা ও পারস্পরিক দয়া-এর কথা উল্লেখ করা হয়েছে।
গোপন বিয়ে কেন সমস্যার কারণ হতে পারে?
যে বিয়ের পর স্বামী-স্ত্রীকে সব সময় আতঙ্কে থাকতে হয়, পরিবার বা সমাজের কাছে বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার ভয় কাজ করে, সেই সম্পর্ক কখনো প্রকৃত প্রশান্তি দিতে পারে না।
গোপন বিয়া থেকে অনেক সময় পারিবারিক বিরোধ, সামাজিক জটিলতা, উত্তরাধিকার নিয়ে বিরোধ এবং দাম্পত্য জীবনে অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে।
এ কারণে ইসলাম এমন পরিস্থিতি এড়িয়ে চলতে এবং স্বচ্ছতার সঙ্গে বৈধভাবে বিয়ে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে।
ইসলামের শিক্ষা কী?
ইসলাম সবক্ষেত্রেই সততা, স্বচ্ছতা ও সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দেয়। বিয়েও এর ব্যতিক্রম নয়।
দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করার নির্দেশনার অন্যতম উদ্দেশ্য হলো সমাজে সেই বিয়ের স্বীকৃতি নিশ্চিত করা এবং ভবিষ্যতের সম্ভাব্য বিরোধ ও সন্দেহ দূর করা।
তাই সাময়িক কোনো ভয়, সামাজিক চাপ বা অন্য কোনো অজুহাতে বিয়েকে গোপন না রেখে যথাসম্ভব পরিবার ও সমাজের জ্ঞাতসারে সম্পন্ন করাই ইসলামের নির্দেশনার সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!