নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগে চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
জেলা প্রশাসন জানিয়েছে, অ্যাপটির মাধ্যমে ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানো যাবে। একই সঙ্গে ব্যবহারকারীরা তাদের আবেদনের অগ্রগতিও অ্যাপ থেকেই পর্যবেক্ষণ করতে পারবেন।
এছাড়া জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এনজিও-সংক্রান্ত সেবা, বিভিন্ন লাইসেন্সিং কার্যক্রম, মিউটেশন, অর্পিত সম্পত্তি এবং সরকারি সহায়তাসহ একাধিক নাগরিক সেবা ধাপে ধাপে এই অ্যাপের আওতায় আনা হয়েছে।
প্রাথমিকভাবে অ্যাপটি হ্যালোডিসি.বিডি (hellodc.bd) থেকে ডাউনলোড করা যাবে। জেলা প্রশাসন জানিয়েছে, গুগল প্লে স্টোরের পর্যালোচনা সম্পন্ন হলে এটি প্লে স্টোর ও অ্যাপ স্টোরেও উন্মুক্ত করা হবে। পাশাপাশি ঢাকা জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোডের সুযোগ থাকবে।
প্রয়োজনে নাগরিকরা সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে ০১৯৬১৬০৬০৬০ নম্বরে ফোন করেও সেবা-সংক্রান্ত তথ্য জানতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে। একই সঙ্গে জেলা প্রশাসনের কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবাবান্ধব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে অ্যাপটিতে আরও নতুন সেবা যুক্ত করা হবে। পর্যায়ক্রমে এটিকে জেলা প্রশাসনের সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!