দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড তাদের ‘এক্সট্রা’ ব্র্যান্ডের নতুন ফিচার ফোন ‘এক্সট্রা এক্স১’ বাজারে এনেছে। নির্মাতাদের দাবি, এটি বর্তমানে দেশের সবচেয়ে পাতলা বা আলট্রা স্লিম ফিচার ফোন। রোববার থেকে দেশের বাজারে ফোনটির বিক্রি শুরু হয়েছে।

সেলেক্সট্রা জানিয়েছে, নিজস্ব কারখানায় উৎপাদিত এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ৭.৩ মিলিমিটার পুরুত্বের আলট্রা স্লিম ডিজাইন। পাতলা গঠনের কারণে ফোনটি সহজেই ওয়ালেট, পকেট কিংবা ছোট জায়গায় বহন করা যাবে।

নতুন ফোনটি সম্পর্কে সেলেক্সট্রার চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ বলেন, এক্সট্রা ব্র্যান্ড সবসময়ই ডিজাইনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করে। এক্স১ মডেল সেই ধারাবাহিকতার অংশ। তার ভাষ্য, স্টাইলিশ ডিজাইনের এই ফিচার ফোন ব্যবহারকারীদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দেবে এবং ক্লাসিক ফিচার ফোন ব্যবহারের অনুভূতি ফিরিয়ে আনবে।

ফোনটির ডিসপ্লে ২.৪ ইঞ্চি এবং এতে রয়েছে ১,২৫০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। আধুনিক ব্যবহারকারীদের কথা বিবেচনা করে এতে ইউএসবি টাইপ-সি চার্জিং সুবিধা যুক্ত করা হয়েছে, ফলে দ্রুত ও সহজে চার্জ দেওয়া সম্ভব হবে।

এ ছাড়া ফোনটিতে ‘ম্যাজিক ভয়েস’ সুবিধা রয়েছে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য এতে টর্চলাইটও সংযোজন করা হয়েছে। ফোনটি কালো, ধূসর ও সাদা—এই তিনটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে।

গ্রাহকদের জন্য আকর্ষণীয় বিক্রয়োত্তর সুবিধাও ঘোষণা করেছে সেলেক্সট্রা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এক্সট্রা এক্স১-এর সঙ্গে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হবে।

বাংলাদেশের বাজারে নতুন এই ফিচার ফোনটির নির্ধারিত মূল্য ১ হাজার ৯৯৯ টাকা।

স্টাইলিশ ডিজাইন, টাইপ-সি চার্জিং এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে নতুন এক্সট্রা এক্স১ সাধারণ ব্যবহারকারী এবং ফিচার ফোনপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!