দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছেই। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এবং আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮ জনে। সর্বশেষ মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগে এবং একজন সিলেট বিভাগে মারা গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট ৭৮৮ জন মৃতের মধ্যে ৯৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছিল। অন্যদিকে ৬৯৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, যদিও তাদের ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে সংক্রমণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে  ঢাকা বিভাগে, যেখানে প্রাণ হারিয়েছেন ৩০২ জন। এরপর রয়েছে— সিলেট: ৯৮ জন, রাজশাহী: ৮৯ জন, ময়মনসিংহ: ৬৬ জন, চট্টগ্রাম: ৫৫ জন, বরিশাল: ৪৩ জন, খুলনা: ৩১ জন, রংপুর: ৯ জন ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৩৭ জন। এর মধ্যে ৯৬ হাজার ৫২১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এদিকে একই সময়ের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনের। তাদের মধ্যে ১৪ হাজার ৪৩১ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো এমআর (Measles-Rubella) টিকা গ্রহণ করলে এর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। শিশুর জ্বর, শরীরে লালচে র‍্যাশ, কাশি, নাক দিয়ে পানি পড়া বা চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

একই সঙ্গে অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকাদান সম্পন্ন করা এবং উপসর্গ দেখা দিলে বাড়িতে না রেখে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!