ইরানের উপকূলীয় জেলা জাস্কের একটি গুরুত্বপূর্ণ লবণাক্ত পানি শোধন প্ল্যান্ট মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই অঞ্চলের প্রায় ১০ হাজার মানুষের বসবাস করা ২০টি গ্রামে সুপেয় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৮ জুলাই) মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাস্ক জেলার বুঞ্জি গ্রামের পানি শোধনাগারের সমুদ্র থেকে পানি উত্তোলনের প্রধান পাম্পিং স্টেশন হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে। একই সঙ্গে একটি বড় বিদ্যুৎ ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুলহামিদ হামজেহপুর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘অপরাধের ধারাবাহিকতা এবং সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, হামলার কারণে বুঞ্জি শোধন প্ল্যান্টের গুরুত্বপূর্ণ অবকাঠামো পুরোপুরি অচল হয়ে পড়েছে। এর ফলে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এই শোধনাগারটি ওই এলাকার হাজারো মানুষের সুপেয় পানির প্রধান উৎস ছিল। হঠাৎ করে এটি বন্ধ হয়ে যাওয়ায় প্রত্যন্ত গ্রামগুলোতে তীব্র পানি সংকট দেখা দিয়েছে।
বর্তমানে জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থায় স্থানীয় বাসিন্দাদের পানি সরবরাহের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট স্থাপনায় হামলার প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!