রাজধানীর যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকার আরও কমপক্ষে ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে রাজধানীর যানজট নিয়ন্ত্রণ, বায়ু ও শব্দ দূষণ কমানো এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে হবে। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। পরিবেশের জন্য ক্ষতিকর যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয় বৈঠকে। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

রাজধানীর শব্দ দূষণের অন্যতম কারণ অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় যেমন এআই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, তেমনি হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। প্রযুক্তির মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালু হলে রাজধানীর যান চলাচল আরও নিয়ন্ত্রিত হবে এবং দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে এটি সহায়ক ভূমিকা রাখতে পারে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!