স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন যোগ্য নাগরিকরা।
নির্বাচন কমিশন জানিয়েছে, যারা ১৮ বছর বয়স পূর্ণ করেছেন এবং ভোটার তালিকায় এখনো অন্তর্ভুক্ত হননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
ইসির তথ্য অনুযায়ী, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার যুক্ত করার এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজও এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। পরে যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। চিঠিতে ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, নতুন ভোটারদের নিয়ে প্রস্তুত করা খসড়া তালিকা ৯ আগস্ট প্রকাশ করা হবে। এই তালিকা ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে।
খসড়া তালিকায় কারও নাম বাদ পড়লে বা কোনো তথ্য ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে আগামী ২৪ আগস্টের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি অথবা তথ্য সংশোধনের জন্য আবেদন করা যাবে। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।
নির্বাচন কমিশনের এই উদ্যোগের ফলে নতুন ভোটার হওয়ার অপেক্ষায় থাকা তরুণদের জন্য ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে ইসি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!