ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে জয়ের আনন্দের মাঝেই নতুন এক বিতর্কে জড়িয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেমিফাইনালের পর মাঠে ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ লেখা একটি পতাকা প্রদর্শনের ঘটনায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে দলটি।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পর মিডফিল্ডার জিওভানি লো সেলসো দর্শকদের কাছ থেকে পতাকাটি হাতে নেন। পরে তার সঙ্গে যোগ দেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। কিছুক্ষণ হাতে রাখার পর লো সেলসো মাঠেই পতাকাটি মেলে ধরেন। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা।
ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি এবং ফিফার শৃঙ্খলা বিধিতে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা বহনকারী পতাকা, স্লোগান কিংবা প্রতীক প্রদর্শনের ওপর স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের পোশাক বা মাঠে এমন কোনো রাজনৈতিক বার্তা প্রদর্শন করা হলে সংশ্লিষ্ট খেলোয়াড় কিংবা দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে আয়োজক সংস্থা ও ফিফার।
ফিফা সাধারণত ম্যাচ কমিশনার, রেফারি এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন ঘটনা পর্যালোচনা করে। সব প্রতিবেদন বিশ্লেষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হয় শৃঙ্খলাভঙ্গ হয়েছে কি না এবং প্রয়োজন হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
‘লাস মালভিনাস’ নামটি আর্জেন্টিনায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে বোঝাতে ব্যবহৃত হয়। বর্তমানে ব্রিটেনের নিয়ন্ত্রণাধীন এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বহু দশক ধরে বিরোধ চলছে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে। ১৯৮২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল, যেখানে শত শত সেনা নিহত হন।
যদি লো সেলসোর প্রদর্শিত পতাকাকে রাজনৈতিক প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তাহলে সেটি ফিফার স্টেডিয়াম আচরণবিধিরও লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে। সংস্থাটির নিষিদ্ধ সামগ্রীর তালিকায় রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক ব্যানার, পতাকা বা অনুরূপ সামগ্রী স্টেডিয়ামে প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
এর আগে গত জুনে বিপ্লব-পূর্ব ইরানের পতাকা প্রদর্শন সংক্রান্ত একটি মামলায় লস অ্যাঞ্জেলেসের আদালত ফিফার নিষেধাজ্ঞা বহাল রাখে। ফলে মালভিনাস পতাকা ইস্যুতেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা একই ধরনের অবস্থান নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।
এদিকে সব বিতর্কের মাঝেই রোববার মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে জয় পেলে টানা দ্বিতীয়বার এবং ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা। তবে ফাইনালের আগে ফিফার সম্ভাব্য সিদ্ধান্ত এখন দলটির জন্য বাড়তি আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!