মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ১০৮ বছরের পুরোনো অলিম্পিয়া কফি হাউস প্রতিদিনের মতোই ব্যস্ত ছিল। কেউ চা খাচ্ছেন, কেউ বান মাস্কা, আবার কেউ আড্ডায় মেতে উঠেছেন। এমনই এক সন্ধ্যায় সেখানে ঢুকেছিলেন তিনজন বিদেশি অতিথি। তাঁদের দেখে ক্যাফের কর্মীদের কারও মধ্যে বিশেষ কোনো কৌতূহল দেখা যায়নি। স্বাভাবিকভাবেই তাঁদের চা ও নাশতা পরিবেশন করা হয়।
কিন্তু কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি পুরো ঘটনাকেই আলোচনায় নিয়ে আসে। তখনই ক্যাফের ব্যবস্থাপক ইনায়াত মারেদিয়া জানতে পারেন, যাঁদের তিনি সাধারণ অতিথি ভেবে আপ্যায়ন করেছেন, তাঁদের একজন হলিউডের জনপ্রিয় ‘স্পাইডার–ম্যান’ অভিনেতা টম হল্যান্ড। তাঁর সঙ্গে ছিলেন অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান এবং হলিউড তারকা ম্যাট ডেমন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনায়াত মারেদিয়া বলেন, অতিথিদের পরিচয় সম্পর্কে তাঁদের কোনো ধারণাই ছিল না। তিনি জানান, বিকেল আড়াইটার দিক থেকেই কয়েকজন ব্যক্তি ক্যাফের বাইরে অপেক্ষা করছিলেন। তখনও তারা বুঝতে পারেননি, এত আয়োজন আসলে বিশ্বখ্যাত তিন তারকার জন্য।
মারেদিয়ার ভাষ্য, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি দেখে বিষয়টি জানতে পারেন। এরপর গুগলে খোঁজ নিয়ে নিশ্চিত হন যে, তাঁদের অতিথিদের একজন ছিলেন টম হল্যান্ড। তিনি বলেন, “আমরা জানতামই না, তাঁরা এত বড় তারকা। পরে গুগলে খুঁজেই তাঁদের পরিচয় জানতে পারি।”
জানা গেছে, সেদিন সন্ধ্যা ছয়টার দিকে নোলান, টম হল্যান্ড ও ম্যাট ডেমন অলিম্পিয়া কফি হাউসে পৌঁছান। সেখানে তাঁরা একেবারে সাধারণ অতিথির মতো বসে চা, বান মাস্কা এবং হালকা কিছু নাশতা উপভোগ করেন।
ক্যাফের ব্যবস্থাপক জানান, পুরো সময়জুড়েই তাঁরা ছিলেন অত্যন্ত স্বাভাবিক। কোনো বিশেষ আয়োজন বা আলাদা ব্যবস্থার দাবি করেননি। তবে কিছুক্ষণের মধ্যেই বাইরে ভিড় বাড়তে শুরু করে। নিরাপত্তারক্ষী ও পুলিশের উপস্থিতিও দেখা যায়। সব মিলিয়ে তাঁরা ক্যাফেতে প্রায় ১০ থেকে ১৫ মিনিট অবস্থান করেন।
পরবর্তীতে ইউনিভার্সাল পিকচার্স ইন্ডিয়া তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাফের সেই মুহূর্তের ছবি প্রকাশ করে। ক্যাপশনে লেখা হয়, “‘দ্য অডিসি’র মুম্বাই প্রিমিয়ারের আগে এক কাপ চা। বড় রাতের আগে আগে চা তো চাই-ই!”
ছবিতে দেখা যায়, তিন তারকা একসঙ্গে বসে চা, বান মাস্কা ও কিছু মিষ্টান্ন উপভোগ করছেন। আশপাশের অনেকেই তাঁদের ছবি তুলছেন। মুহূর্তের মধ্যেই ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
জানা গেছে, নতুন সিনেমা ‘দ্য অডিসি’-এর আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবেই মুম্বাই সফরে এসেছেন পরিচালক ক্রিস্টোফার নোলান। প্রিমিয়ারের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বহু বছর ধরেই আবার মুম্বাইয়ে আসার ইচ্ছা ছিল তাঁর। তবে ‘টেনেট’ মুক্তির সময় কোভিড-১৯ মহামারির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।
নোলানের ভাষায়, বিশ্বের খুব কম জায়গাতেই সিনেমাকে ঘিরে এমন উচ্ছ্বাস দেখা যায়। তাঁর মতে, মুম্বাইয়ের দর্শকদের সিনেমাপ্রেম তাঁকে আবারও মনে করিয়ে দিয়েছে, বড় পর্দার প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর হতে পারে।
হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য অডিসি’ শুধু গল্প নয়, নির্মাণশৈলীর কারণেও আলোচনায় রয়েছে। নির্মাতাদের দাবি, এটি ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে।
ছবিতে টম হল্যান্ড ও ম্যাট ডেমনের পাশাপাশি অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, লুপিতা নিয়ঙ্গ, শার্লিজ থেরন, জন বার্নথাল, বেনি সাফদি, হিমেশ প্যাটেল, এলিয়ট পেজ, সামান্থা মর্টন এবং মিয়া গথসহ আরও অনেক তারকা।
নোলানের আগের সিনেমা ‘ওপেনহাইমার’ বিশ্বব্যাপী প্রায় ৯৫৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এবং সাতটি অস্কার জেতে। সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘দ্য অডিসি’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!