দেশের শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যখাত ও উন্নয়ন নিয়ে কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিদেশে বাংলাদেশের সার্টিফিকেটের কোনো মূল্য নেই। একই সঙ্গে তিনি বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অথচ দক্ষ জনশক্তি তৈরিতে প্রয়োজনীয় সংস্কার হয়নি।
সোমবার (১৩ জুলাই) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বক্তব্যের বিষয়টি জানায়।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার শিকার হয়েছে। তার ভাষায়, “শিক্ষাব্যবস্থাকে ধরে ধরে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমাদের সার্টিফিকেটের বিদেশে কোনো মূল্য নেই। শিক্ষিতরাই বেশি বেকার, অথচ কম শিক্ষিতরা কোনো না কোনোভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি বলেন, এসব সমস্যার সমাধানে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রয়োজন। নিয়মিত নির্বাচন এবং জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচনই জবাবদিহি নিশ্চিত করার অন্যতম উপায় বলেও মন্তব্য করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর যেভাবে ঐক্যবদ্ধ থেকে দলকে টিকিয়ে রাখা হয়েছে, সেই ঐক্য ভবিষ্যতেও বজায় রাখতে হবে। মতপার্থক্য থাকলেও দলীয় ঐক্যে যেন কোনো বিভাজন না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে এবং দলীয় নেতৃত্বে ‘হাইব্রিড’ ও ‘গুপ্ত’ অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন শুধু সড়ক বা সেতু নির্মাণে সীমাবদ্ধ নয়; স্বাস্থ্য, শিক্ষা, শিশু হাসপাতাল, খাল পুনঃখননসহ মানুষের জীবনমান উন্নয়নও প্রকৃত উন্নয়নের অংশ। তিনি জানান, উপজেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে এবং সারাদেশে এক হাজার শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!