বরিশালের গৌরনদীতে পুনঃখনন করা বাটাজোর খালের পাড়ে একযোগে আড়াই হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বাটাজোর খালের দুই পাড়ে মোট ৬ হাজার গাছের চারা রোপণ করা হবে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা সরিকল খালের পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বৃক্ষরোপণ শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব দোয়া পরিচালনা করেন।
এরপর প্রধানমন্ত্রী বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের ৬১৩ জন সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন। একইসঙ্গে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
দিনের কর্মসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় বরিশাল ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় এবং দুপুর সাড়ে ১২টায় সাগরদী খালের পাশে আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরে দুপুরে বরিশাল সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন তিনি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!