চাকরিতে ২৫ বছরের সময়কাল পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী স্বেচ্ছায় পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের একটি রায় বাতিল করে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে এ সিদ্ধান্ত দিয়েছেন আপিল বিভাগ।

গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হক-এর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব। ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গত ৯ জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রায়ে বলা হয়, আইনসভা যৌক্তিক ও নীতিগত বিবেচনায় এমন বিধান করেছে যে, ২৫ বছরের চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে কোনো সরকারি কর্মচারী পেনশন সুবিধার অধিকারী হবেন না।

যে মামলার পরিপ্রেক্ষিতে রায়

মামলার নথি অনুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে বিচার বিভাগে যোগ দেন। প্রায় ১৯ বছর চাকরি করার পর ২০১১ সালের ৩১ জানুয়ারি তিনি অতিরিক্ত জেলা জজ থাকা অবস্থায় স্বেচ্ছায় পদত্যাগ করেন।

পরে ২০১৫ সালে চাকরির ১৯ বছর বিবেচনায় ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক পাওয়ার জন্য আবেদন করেন। তবে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় জানায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে আগের চাকরিকাল পেনশনের জন্য গণ্য হবে না এবং ২৫ বছর পূর্ণ না হওয়ায় তিনি পেনশনের যোগ্য নন।

এরপর ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। ২০২১ সালে হাইকোর্ট তার পক্ষে রায় দিয়ে পেনশন সুবিধা দেওয়ার নির্দেশ দেন।

তবে রাষ্ট্রপক্ষের করা আপিলে আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় বাতিল করে জানিয়ে দেন, ২৫ বছর পূর্ণ হওয়ার আগে পদত্যাগকারী সরকারি কর্মচারী পেনশন সুবিধা পাবেন না।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!