প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের শিক্ষার্থীদের সাফল্যে তিনি অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি শিক্ষার্থীদের প্রকল্প, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে তাদের ভূমিকার প্রশংসা করেন।

প্রতিনিধিদল জানায়, আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তাদের সফলতা কামনা করেন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী হোমনা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেন। এছাড়া দলের অন্যান্য সদস্যদের বই উপহার দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাতে বাংলাদেশে ভবিষ্যতে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এ সময় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন রাজু, কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং কো-অর্ডিনেটর তাসনিম মাহফুজ নাফিসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!