দক্ষিণ ভারতের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এস জানকী আর নেই। বয়সজনিত শারীরিক জটিলতায় ভারতের মহীশূরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, জীবনের শেষ সময়ে তিনি পরিবারের সদস্যদের সান্নিধ্যেই ছিলেন। তাঁর নাতনি এক আবেগঘন বার্তায় জানান, এস জানকী শান্তিপূর্ণভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র ও সংগীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

পূর্ণ নাম সিস্তলা শ্রীরামমূর্তি জানকী। তবে সংগীতপ্রেমীদের কাছে তিনি বেশি পরিচিত ছিলেন এস জানকী নামে। ১৯৩৮ সালের ২৩ এপ্রিল ভারতের বর্তমান অন্ধ্র প্রদেশের গুন্টুরে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক ও শিক্ষক। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহ ছিল জানকীর। মাত্র নয় বছর বয়সে প্রথমবারের মতো মঞ্চে গান গাওয়ার সুযোগ পান।

পরবর্তী সময়ে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক গানের মাধ্যমে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়, হিন্দিসহ বিভিন্ন ভাষায় হাজার হাজার গান গেয়ে তিনি ভারতীয় সংগীতাঙ্গনে এক অনন্য অবস্থান তৈরি করেন। কয়েক দশকজুড়ে অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নেন।

দীর্ঘ সংগীতজীবনে এস জানকী বহু জাতীয় ও আঞ্চলিক সম্মাননা অর্জন করেছেন। আবেগঘন কণ্ঠ, বহুমাত্রিক গায়কি এবং বিভিন্ন ধরনের গানে দক্ষতার কারণে তিনি ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে বিবেচিত হন।

তাঁর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, রাজনীতিক এবং অসংখ্য ভক্ত। অনেকেই তাঁর অবদান স্মরণ করে লিখছেন, তাঁর কণ্ঠ প্রজন্মের পর প্রজন্ম সংগীতপ্রেমীদের অনুপ্রাণিত করবে।

আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!