প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ থেকে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছর থেকে ট্যালেন্টপুল ও সাধারণ—উভয় ধরনের বৃত্তির অর্থ দ্বিগুণ করা হচ্ছে।
রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে মোট ৭ হাজার ৬৫০ টাকা পাবে। এর মধ্যে এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৬০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে মোট ৫ হাজার ৮৫০ টাকা পাবে। তাদের জন্যও এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৪৫০ টাকা করে বৃত্তি নির্ধারণ করা হয়েছে।
গত ২০২৫ সালে ট্যালেন্টপুলে বছরে ৩ হাজার ৮২৫ টাকা এবং সাধারণ বৃত্তিতে ২ হাজার ৯২৫ টাকা দেওয়া হতো। ফলে নতুন সিদ্ধান্তে দুই ধরনের বৃত্তির অর্থই প্রায় দ্বিগুণ হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ জন শিক্ষার্থী নির্বাচিত হবে।
বৃত্তি খাতে সরকারের বার্ষিক ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ট্যালেন্টপুল বৃত্তির জন্য বছরে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ বৃত্তির জন্য ব্যয় হবে ২৮ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকা। সব মিলিয়ে বছরে মোট ব্যয় হবে ৫৪ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকা। তিন বছরের জন্য এই ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ১৬২ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকা।
সরকারের এই সিদ্ধান্তের ফলে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা আর্থিকভাবে আরও বেশি সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!