দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৬০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭০২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। আর ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৬০১ জনে।

এদিকে গত এক দিনে ৮৪ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৩ হাজার ৪১০ জনে পৌঁছেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৩ হাজার ৮৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৮৯ হাজার ৭৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকাদান, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং জ্বর, র‍্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া রোগের বিস্তার ও জটিলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সন্দেহজনক উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!