দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে সবচেয়ে বেশি ৭০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ৪৮ জন, খুলনা বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৭৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৬৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জুন মাসে সবচেয়ে বেশি ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হন। আর চলতি মাসের ৯ জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৪৩ জন।
এ বছর আক্রান্তদের মধ্যে প্রায় ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। অন্যদিকে, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৪ শতাংশ নারী।
গত কয়েক বছরের পরিসংখ্যানেও ডেঙ্গুর ভয়াবহ চিত্র উঠে এসেছে। ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জ্বর, শরীর ব্যথা বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!