বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা–মিসর ম্যাচে রেফারিং নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। একই সঙ্গে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালীর সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি থানায় লিখিত অভিযোগ জমা দিতে গেলে পুলিশ জানায়, এ ধরনের বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার নেই।

অভিযোগে রাকিব উল্লেখ করেন, স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের ম্যাচ দেখার সময় তিনি রেফারির একাধিক সিদ্ধান্তে পক্ষপাতিত্ব লক্ষ্য করেন। তার দাবি, ম্যাচে অন্যায্য পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল করা এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত হয়েছে।

তিনি অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দাবি করেন, এসব ঘটনার কারণে তিনি এবং মিসরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য তিনি ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগকারী থানায় এসেছিলেন। তবে বিষয়টি স্থানীয় থানার এখতিয়ারভুক্ত নয়। তাই তাকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে অভিযোগকারী মো. রাকিব জানান, পুলিশ মামলা নেয়নি। তাই তিনি একই অভিযোগ আদালতে উপস্থাপন করবেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন বলে জানিয়েছেন তিনি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!