দেশে নারী শিক্ষার প্রসারে নতুন উদ্যোগ হিসেবে অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের সময় মেয়েদের শিক্ষা এইচএসসি পর্যন্ত বিনামূল্যে করা হয়েছিল। এবার সেই সুযোগ আরও বাড়িয়ে অনার্স পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য স্কলারশিপ চালুর উদ্যোগও রয়েছে।

তিনি জানান, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্যও বড় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ দেওয়া হবে।

শিক্ষকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে তাদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

কৃষি খাত নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তরের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষক ডেটাবেজ, ডিজিটাল কৃষি সেবা, মোবাইলভিত্তিক আবহাওয়ার তথ্য, কৃষক কার্ড, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রিমোট সেন্সিং ও জিআইএস প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি আরও জানান, সরকার চীনে কাঁঠাল রপ্তানির উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে কৃষকদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রমও এগিয়ে চলছে।

কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এজন্য দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, কাতারসহ বিভিন্ন দেশের শ্রমবাজার সম্প্রসারণে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

এদিকে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণকে জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!