লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার রোমাঞ্চকর প্রত্যাবর্তন এবং নাটকীয় জয় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে। সেই আনন্দের ঢেউ পৌঁছেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করে আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন।

ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো নিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, “খুব ভয় পাইছিলাম রে, তবে মিশর দুর্দান্ত খেলেছে।” নিজের প্রিয় দলের জয়ে আনন্দ প্রকাশের পাশাপাশি প্রতিপক্ষের লড়াকু পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি।

চিত্রনায়িকা পূর্ণিমা আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনকে সত্যিকারের চ্যাম্পিয়নের পরিচয় হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, “আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তাঁর যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ।”

অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও ম্যাচটি মিস করেননি চিত্রনায়িকা পরীমণি। নিজের স্বভাবসুলভ রসিকতায় তিনি লিখেছেন, “হাসপাতালে পা ভাঙা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না।” তাঁর এই পোস্টেও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

অভিনেতা তৌসিফ মাহবুব আর্জেন্টিনার প্রত্যাবর্তনকে স্মরণীয় উল্লেখ করে লেখেন, “পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক।”

গায়ক বেলাল খান ম্যাচের উত্তেজনাকে রসিকতার ছলে তুলে ধরেন। তিনি লেখেন, “রূপকথাকেও হার মানালো আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত কোনো দুর্নীতি ছিল না, রেফারিও ভালোই ছিল। কিন্তু যখন থেকে আর্জেন্টিনা গোল দিয়েছে, তখন থেকেই দুর্নীতি শুরু হয়েছে।” তাঁর এই হাস্যরসাত্মক মন্তব্য ভক্তদের বিনোদন দিয়েছে।

গায়িকা মিলা ইসলাম মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মজা করে লেখেন, “আমি খেলা দেখতে গেলাম আর যখনই আমি আর্জেন্টিনাকে ডাকলাম, অমনি জিতে গেল আর্জেন্টিনা।”

শেষ মুহূর্তের টানটান উত্তেজনার কথা জানিয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। তিনি লেখেন, “আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে।”

সবশেষে গায়ক তাসরিফ খান মেসির প্রতি অগাধ আস্থা প্রকাশ করে লেখেন, “জাদুকর যখন আছে মাঠে, ভয়ের কী আছে তবে? এগিয়ে যাও আর্জেন্টিনা।”

ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে আর্জেন্টিনার জয় নিয়ে হাজারো পোস্টে ভরে যায় নিউজফিড। সাধারণ সমর্থকদের পাশাপাশি দেশের তারকারাও নিজেদের অনুভূতি প্রকাশ করে প্রিয় দলের এই নাটকীয় জয় উদযাপন করেছেন। মেসির নেতৃত্বে দলের লড়াই এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেওয়ার দৃশ্য ফুটবলপ্রেমীদের কাছে আরও একবার স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!