ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায় শেষ হলেও, তার মতে পর্তুগালের হয়ে জেতা ইউরো ২০১৬ শিরোপার মূল্য বিশ্বকাপের চেয়ে কোনো অংশে কম নয়। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বিদায়ের পর আবেগঘন প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন পর্তুগালের অধিনায়ক।
২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই রোনালদো জানিয়েছিলেন, এটিই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপ মিশনের ইতি টানলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, ‘আমি কখনো আবেগের বশে সিদ্ধান্ত নিই না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি নয় যে আমি খেলা চালিয়ে যাব কি না। আগামীকালও আমি আজকের মতোই পরিষ্কার বিবেক নিয়ে ঘুম থেকে উঠব।’
এরপরই ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি।
রোনালদো বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে ২৩ বছর খেলেছি এবং তিনটি শিরোপা জিতেছি। ক্রিশ্চিয়ানোর আগে পর্তুগাল কিছুই জেতেনি। ইউরো ২০১৬-ই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কাছে সেই শিরোপার মূল্য বিশ্বকাপ জয়ের সমান।’
বিশ্বকাপের আগে তিনি আরও বলেছিলেন, ‘এটাই হবে আমার শেষ বিশ্বকাপ। তবে আশা করি আগামীকালের ম্যাচটাই যেন আমার শেষ ম্যাচ না হয়।’
রোনালদো টানা ছয়টি বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলারদের একজন। এছাড়া ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপে তিনি করেছেন তিনটি গোল। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার পর নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে আরেকটি গোল করেন।
তবে ২০৩০ বিশ্বকাপে তাকে আর দেখা যাবে না বলেও নিশ্চিত করেছেন এই পর্তুগিজ মহাতারকা।
জাতীয় দল বা ক্লাব ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি রোনালদো। তবে বিশ্বকাপে আর খেলবেন না, সেটি স্পষ্ট করে দিয়েছেন।
বিদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘একদিন সেই দিন আসবেই। তবে আমি হাজার ভাগ পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নেব। কারণ ফুটবলের জন্য আমি সবকিছু উজাড় করে দিয়েছি। আমি ফুটবল খেলি শুধু ভালোবাসার জন্য। প্রতিটি দিন উপভোগ করতে হয়। আর আমি এই বিশ্বকাপে তিনটি গোল করেছি। খারাপ তো করিনি, তাই না?’
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!