জামালপুরের একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ভুলবশত আগের বছরের প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। এতে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হয়েছে ১০০ পরীক্ষার্থীকে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও শিক্ষা বোর্ড উত্তরপত্র বিশেষভাবে মূল্যায়নের আশ্বাস দিয়েছে।

শনিবার (৪ জুলাই) জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে পরীক্ষা দেওয়া ১০০ জন শিক্ষার্থী সরকারি জাহেদা সফির মহিলা কলেজের পরীক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয় এবং প্রশ্নপত্রও বিতরণ করা হয়। তবে পরীক্ষা প্রায় শেষ হওয়ার দিকে তারা বুঝতে পারেন, তাদের হাতে দেওয়া প্রশ্নপত্রটি চলতি বছরের নয়, বরং ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। পরে বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে তাৎক্ষণিকভাবে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়।

ঘটনার পর কিছু সময়ের জন্য পরীক্ষাকেন্দ্রে বিভ্রান্তির সৃষ্টি হলেও কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় অনেক পরীক্ষার্থী ফলাফল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

পরীক্ষার্থী জারিন রাফা বলেন, কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন যে মূল্যায়নে কোনো সমস্যা হবে না। কিন্তু ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার কারণে ভালো ফলাফল, বিশেষ করে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে তাদের আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় অভিভাবকেরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, কীভাবে প্রশ্নপত্রে এমন ভুল হলো, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মো. শওকত আলী মীর জানান, ৪২০২ নম্বর কক্ষের জন্য খোলা পাঁচটি প্রশ্নপত্রের বান্ডেলের বাইরের অংশে ২০২৬ সালের প্রশ্নপত্র উল্লেখ থাকলেও ভেতরে ছিল ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র। পরীক্ষা শুরুর আগে বান্ডেল না খোলায় বিষয়টি কারও নজরে আসেনি। ফলে শিক্ষকরা নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র বিতরণ করেন।

তিনি আরও জানান, বিষয়টি জানতে পারার পরপরই শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়। বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, ওই ১০০ শিক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে হবে। তাদের উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্রের আলোকে বিশেষ বিবেচনায় মূল্যায়ন করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!