জন্মের পরই একটি শিশুর জন্য স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে একটি ইউনিফায়েড ডিজিটাল আইডি (Unified Digital ID)। এই একটিমাত্র পরিচয়ের মাধ্যমেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্য, শিক্ষা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, ভূমি সেবা, যানবাহন নিবন্ধনসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করা যাবে। এমন একটি সমন্বিত ডিজিটাল পরিচয়ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ‘ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডি, ওয়ান ওয়ালেট’ উদ্যোগের আওতায় এই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এর লক্ষ্য হলো নাগরিকদের জন্য একাধিক পরিচয়পত্রের পরিবর্তে একটি স্থায়ী ডিজিটাল পরিচয় নিশ্চিত করা, যাতে একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দিতে না হয়।

পরিকল্পনা অনুযায়ী, হাসপাতালে কোনো শিশুর জন্ম হলে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে জন্মনিবন্ধন ব্যবস্থায় যুক্ত হবে। এরপর বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে সমন্বয় করে নবজাতকের জন্য একটি স্থায়ী ডিজিটাল আইডি তৈরি হবে। বাসায় জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রেও আলাদা নিবন্ধন পদ্ধতি রাখা হবে।

এই ডিজিটাল আইডির সঙ্গে থাকবে একটি ডিজিটাল ওয়ালেট, যেখানে নাগরিকের প্রয়োজনীয় ডিজিটাল পরিচয়পত্র, সরকারি সনদ ও অন্যান্য তথ্য নিরাপদে সংরক্ষণ করা হবে। ভবিষ্যতে সরকারি সেবায় লগইন, পরিচয় যাচাই এবং বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণে এই ওয়ালেট ব্যবহার করা যাবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, জন্মনিবন্ধন, এনআইডি, পাসপোর্ট, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা, বিআরটিএসহ বিভিন্ন সরকারি ডাটাবেজ একটি সমন্বিত প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। ফলে একজন নাগরিকের তথ্য একবার নিবন্ধিত হলেই প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তা ব্যবহার করতে পারবে।

আইসিটি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি বর্তমানে ধারণাপত্র (Concept Paper) পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। এ ছাড়া আগামী মাস থেকেই দেশের প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI) গড়ে তোলার কাজ শুরু করার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিকদের সরকারি সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত এবং হয়রানিমুক্ত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে সরকারি সেবায় তথ্যের পুনরাবৃত্তি কমবে এবং ডিজিটাল সেবার পরিধিও আরও বিস্তৃত হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!