মানুষের মতো দেখতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে পরিচালিত নতুন একটি মানুষসদৃশ রোবট উন্মোচন করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। মানুষের একাকীত্ব কমানো, মানসিক সঙ্গ দেওয়া এবং দৈনন্দিন জীবনে সহকারী হিসেবে কাজ করার লক্ষ্যেই রোবটটি তৈরি করা হয়েছে।
সংবাদ সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (৩০ জুন) চীনের শেনজেনে আয়োজিত এক অনুষ্ঠানে রোবটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ মানুষসদৃশ রোবট, যা বাণিজ্যিকভাবে ব্যাপক উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়েছে।
প্রতিষ্ঠানটি রোবটটির তিনটি ভিন্ন সংস্করণ বাজারে এনেছে। উদ্বোধনের দিনেই ১৩ হাজার ৩৬১টির বেশি অর্ডার পাওয়ার তথ্য জানিয়েছে তারা।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, শুরুতে রোবটগুলো বিপজ্জনক ও কঠিন পরিবেশে কাজ করবে। পরে ধীরে ধীরে মানুষের ব্যক্তিগত সহকারী ও মানসিক সঙ্গী হিসেবে ব্যবহারের সুযোগ বাড়ানো হবে। ভবিষ্যতে মানুষ ও রোবটের মধ্যে আরও স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলাই তাদের লক্ষ্য।
নতুন এই রোবটে মানুষের মতো নরম কৃত্রিম ত্বক, বাস্তবসম্মত মুখের অভিব্যক্তি এবং স্বাভাবিক কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। এটি মানুষের বিভিন্ন আবেগ শনাক্ত করে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে সক্ষম।
নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, রোবটটি ২০টির বেশি ধরনের আবেগ শনাক্ত করতে পারে এবং এ ক্ষেত্রে এর নির্ভুলতা ৯০ শতাংশের বেশি। এছাড়া দীর্ঘ সময়ের কথোপকথনের তথ্য মনে রেখে পরবর্তী সময়ে স্বাভাবিকভাবে আলোচনা চালিয়ে যেতে পারে।
শুধু ব্যক্তিগত সঙ্গী হিসেবেই নয়, বয়স্কদের পরিচর্যা, মানসিক সহায়তা, অতিথি গ্রহণ, শিক্ষা, গবেষণা, পর্যটন এবং ঘরোয়া বিভিন্ন কাজেও রোবটটি ব্যবহার করা যাবে।
একই অনুষ্ঠানে সামাজিক উদ্যোগের অংশ হিসেবে চলতি বছর ১০০টি বিশেষ মানুষসদৃশ রোবট বিনামূল্যে বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। একা বসবাসকারী প্রবীণ, বাবা-মা থেকে দূরে থাকা শিশু এবং অসহায় পরিবারের জন্য এসব রোবট সরবরাহ করা হবে। বিশেষ সংস্করণের রোবটগুলোতে নির্দিষ্ট ব্যক্তির মুখাবয়ব ও কণ্ঠস্বরের আদলে কাস্টমাইজড সুবিধাও থাকবে।
ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোবটটি তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের ভাষ্য, ব্যবহারকারীর তথ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার নিজের হাতেই থাকবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মানুষসদৃশ রোবট ভবিষ্যতে ব্যক্তিগত সহকারী এবং মানসিক সঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: এএফপি
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!