প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও সহজে দেশে পৌঁছে দিতে নতুন অংশীদারত্বে যুক্ত হয়েছে নগদ ও রূপালী ব্যাংক। এই চুক্তির ফলে বিদেশ থেকে রূপালী ব্যাংকের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স সরাসরি সুবিধাভোগীদের নগদ মোবাইল ওয়ালেটে পৌঁছে যাবে।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নগদের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং রূপালী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

চুক্তি অনুযায়ী, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) অথবা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রূপালী ব্যাংকে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এরপর রূপালী ব্যাংকের হয়ে নগদ সরাসরি সেই অর্থ গ্রাহকের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। ফলে দেশের যেকোনো স্থান থেকে দিন-রাত ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করা সম্ভব হবে।

নগদ জানিয়েছে, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে তারা নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এর অংশ হিসেবে প্রবাসী ও তাদের পরিবারের জন্য সচেতনতামূলক এবং পুরস্কারভিত্তিক বিভিন্ন ক্যাম্পেইনও পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি ‘হার না মানা হার’ শীর্ষক একটি প্রচারণার মাধ্যমে নগদে রেমিট্যান্স গ্রহণকারী পরিবারের সদস্যদের স্বর্ণের হার জয়ের সুযোগ দেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রূপালী ব্যাংকের পক্ষ থেকেও উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং রেমিট্যান্স বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, প্রবাসীদের পাঠানো প্রতিটি রেমিট্যান্স দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপালী ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে নগদ ওয়ালেটে অর্থ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি দেশের বিস্তৃত এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সহজেই অর্থ ব্যবহার বা প্রয়োজন হলে কম খরচে ক্যাশআউটের সুবিধাও পাবেন।

তিনি আরও বলেন, এই উদ্যোগ বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর পাশাপাশি দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!