২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে। সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেবেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে।
শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, সকাল শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
এবারের এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্র সংরক্ষণ, ডিজিটাল নিরাপত্তা এবং পরীক্ষার্থী ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।
এদিকে পরীক্ষা চলাকালে নিরাপত্তা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর সব পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ১১ নির্দেশনা
- পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
- প্রথমে বহুনির্বাচনী (MCQ) এবং পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
- ব্যবহারিক বিষয় থাকলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
- প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে।
- উত্তরপত্রের ওএমআর অংশে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে। উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
- রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
- তত্ত্বীয়, বহুনির্বাচনী এবং ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) আলাদাভাবে পাস করতে হবে।
- শুধুমাত্র নন-প্রোগ্রামেবল হাতঘড়ি এবং শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
- কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র পরিচালনায় অতিরিক্ত কক্ষপরিদর্শক, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং ডিজিটাল নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!