বাংলাদেশের বাজারে নতুন ফিচার ফোন নকিয়া ১১০ পাওয়ার উন্মোচন করা হয়েছে। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, পরিচিত নকিয়া ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যের এই ফোনটি একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান। নতুন ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৯৯ টাকা।
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত এক বিক্রয় প্রতিনিধি সম্মেলনে ফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে নকিয়া ফোনের একমাত্র উৎপাদনকারী ও পরিবেশক সেলেক্সট্রা লিমিটেড। এতে এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমিন, সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, হেড অব সেলস মামুন খান এবং চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ আলমগীরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, নকিয়ার ক্লাসিক ফিচার ফোনের নির্ভরযোগ্যতা বজায় রেখেই আধুনিক ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় নতুন এই মডেল তৈরি করা হয়েছে। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ ১৭৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। ফলে নিয়মিত চার্জ দেওয়ার ঝামেলা অনেকটাই কমে যাবে।
ডিজাইনের পাশাপাশি ডিসপ্লেতেও পরিবর্তন এসেছে। নতুন নকিয়া ১১০ পাওয়ারে রয়েছে ২ ইঞ্চির বড় স্ক্রিন, যা আগের অনেক মডেলের তুলনায় আরও আরামদায়কভাবে ব্যবহার করা যাবে। ফোনটির পেছনে একটি ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশ যুক্ত করা হয়েছে, ফলে কম আলোতেও ছবি তোলা সম্ভব হবে।
পুরোনো নকিয়া ব্যবহারকারীদের জন্য সুখবর হলো, ফোনটিতে আবারও রাখা হয়েছে একসময়ের জনপ্রিয় Snake গেম। ফলে নতুন প্রযুক্তির পাশাপাশি পুরোনো দিনের স্মৃতিও ফিরে পাবেন ব্যবহারকারীরা।
নকিয়া ১১০ পাওয়ার বাজারে নীল, ধূসর ও বেগুনি—এই তিনটি রঙে পাওয়া যাবে।
নকল ফোন কেনা এড়াতে গ্রাহকদের আইএমইআই নম্বর যাচাই করার পরামর্শ দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। এজন্য KYD <স্পেস> ১৫ সংখ্যার IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ফোনটি আসল নাকি নকল, তা জানা যাবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!