জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। দিবসটির তাৎপর্য তুলে ধরতে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আলোচনা সভা আয়োজন করতে বলা হয়েছে।
রোববার (২৮ জুন) কারিগরি শিক্ষা অধিদপ্তরের জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি অধিদপ্তরের আওতাধীন সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গত ৩ মে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সচেতনতামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করতে হবে। একই সঙ্গে দিবসটির গুরুত্ব ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অধিদপ্তরকে অবহিত করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও চেতনা তুলে ধরাই মূল লক্ষ্য।
অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!