জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। তাঁর দাবি, এ পদক্ষেপ নেওয়া হলে মানুষের কাছে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে এবং অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়বে।

রোববার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নোয়াখালী-১ আসনের এই সংসদ সদস্য বলেন, বর্তমানে অনেক মানুষ ব্যাংকের প্রতি আস্থাহীনতার কারণে নগদ অর্থ বাসায় সংরক্ষণ করছেন। এছাড়া অতীতে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও স্বৈরাচারী শাসনের সুবিধাভোগীদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। ফলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যাংকিং ব্যবস্থার বাইরে অবস্থান করছে।

এ এম মাহবুব উদ্দিন খোকন প্রস্তাব করেন, সরকার যদি ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিল করে দুই মাসের মধ্যে সেগুলো ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেয়, তাহলে আয়কর নথিতে নেই—এমন অর্থের ওপর ২৫ শতাংশ কর নিয়ে বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে, বাজেট ঘাটতি কমবে এবং ব্যাংক খাতে তারল্য বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার জরুরি। তাঁর মতে, দেশের প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি। তাই জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক খাত পুনর্গঠন প্রয়োজন। একই সঙ্গে বারবার জনগণের অর্থ দিয়ে দুর্বল ব্যাংককে সহায়তা করার প্রবণতা থেকেও বেরিয়ে আসতে হবে।

আলোচনায় অর্থ পাচারকে দেশের অন্যতম বড় অর্থনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করেন এই আইনজীবী ও সংসদ সদস্য। তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। তাই এমন অর্থনৈতিক পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিনিয়োগকারীরা দেশের ভেতরেই অর্থ বিনিয়োগে উৎসাহিত হন। শুধু নতুন আইন করলেই হবে না, পুরো আর্থিক ব্যবস্থায় কার্যকর সংস্কার প্রয়োজন।

বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বেকারত্বের বিষয়ও তুলে ধরেন। তাঁর মতে, বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।

তবে তিনি বলেন, ঘাটতি বাজেট কোনো অস্বাভাবিক বিষয় নয়। বিশ্বের অনেক দেশই ঘাটতি বাজেট প্রণয়ন করে থাকে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নেতৃত্বে বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!