দেশজুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিনের মধ্যে অন্তত ৯ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা ও কোথাও কোথাও প্লাবনের আশঙ্কা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
রোববার (২৮ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে।
পাউবোর তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতির আরও অবনতি হলে সিলেট ও আশপাশের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এ ছাড়া আগামী ১ থেকে ৩ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। ফলে এসব জেলার নদীতীরবর্তী নিচু এলাকা আংশিক প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বর্ষণ এবং উজানের ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!