শাওমির জনপ্রিয় Redmi Note সিরিজের পরবর্তী প্রজন্ম Redmi Note 17 নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সর্বশেষ এক ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, সিরিজের একটি মডেলে থাকতে পারে প্রায় ৯,০০০mAh ক্ষমতার বিশাল ব্যাটারি। পাশাপাশি এতে Snapdragon 6 সিরিজের নতুন প্রসেসর, ১.৫K রেজোলিউশনের ডিসপ্লে এবং আরও উন্নত টেকসই ডিজাইন ব্যবহারের সম্ভাবনার কথাও জানা গেছে।
প্রযুক্তি বিশ্লেষক Digital Chat Station-এর শেয়ার করা তথ্য অনুযায়ী, Redmi Note 17 সিরিজের একটি স্মার্টফোনে ফ্ল্যাট ১.৫K রেজোলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। ফোনটিতে উচ্চ ভলিউম আউটপুট সমর্থিত ডুয়াল স্টেরিও স্পিকার এবং ফ্ল্যাগশিপ পর্যায়ের পানি ও ধুলাবালি প্রতিরোধী (Water Resistance) সুবিধাও থাকতে পারে। এছাড়া আগের তুলনায় ড্রপ প্রোটেকশন আরও উন্নত করা হতে পারে, যা ফোনটিকে দৈনন্দিন ব্যবহারে বেশি নিরাপদ করবে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে Qualcomm-এর Snapdragon 6 সিরিজের একটি চিপসেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। যদিও নির্দিষ্ট মডেলের নাম এখনো নিশ্চিত নয়, বিভিন্ন সূত্রের ধারণা এটি হতে পারে Snapdragon 6 Gen 5। এর আগে Qualcomm জানিয়েছে, নতুন এই চিপ ব্যবহারকারী প্রথম দিকের ব্র্যান্ডগুলোর মধ্যে থাকবে Redmi।
সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ফোনটির ব্যাটারি। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Redmi Note 17 সিরিজের একটি মডেলে প্রায় ৯,০০০mAh ব্যাটারি থাকতে পারে, যা বর্তমান Redmi Note সিরিজের তুলনায় বড় আপগ্রেড। তুলনামূলকভাবে Redmi Note 15 5G-এ রয়েছে ৫,৫২০mAh ব্যাটারি, আর Redmi Note 15 Pro ও Pro+ মডেলে রয়েছে যথাক্রমে ৬,৫৮০mAh এবং ৬,৫০০mAh ব্যাটারি।
এর আগে আরেক প্রযুক্তি বিশ্লেষক Yogesh Brar দাবি করেছিলেন, চীনের বাজারে আসা Redmi Note 17 সিরিজের কিছু মডেলে ১০,০০০mAh পর্যন্ত ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের মডেলগুলোতে ৮,০০০mAh থেকে ৯,০০০mAh ব্যাটারি ব্যবহার করা হতে পারে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে ব্যাটারির দিক থেকে Redmi Note 17 সিরিজ শাওমির ইতিহাসে অন্যতম বড় আপগ্রেড হতে যাচ্ছে।
ফাঁস হওয়া তথ্য আরও বলছে, শাওমি আলাদাভাবে ১০,০০০mAh ব্যাটারির একটি Redmi স্মার্টফোন নিয়েও কাজ করছে। ধারণা করা হচ্ছে, এটি Redmi Note 17 Pro Max নামে আগস্ট বা সেপ্টেম্বরের দিকে প্রথমে চীনের বাজারে উন্মোচন হতে পারে।
Redmi Note 17 সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা চলতি বছরের সেপ্টেম্বর মাসে চীনে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সিরিজটির কয়েকটি মডেল ইউরোপীয় EEC এবং GSMA সার্টিফিকেশন ডেটাবেজে দেখা গেছে, যা ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক বাজারে উন্মোচনের প্রস্তুতিও শুরু করেছে শাওমি।
তবে এসব তথ্য এখনো কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তাই চূড়ান্ত স্পেসিফিকেশন, ব্যাটারির ধারণক্ষমতা কিংবা অন্যান্য ফিচারে পরিবর্তন আসতে পারে। এরপরও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপকে অগ্রাধিকার দেওয়া ব্যবহারকারীদের জন্য Redmi Note 17 সিরিজ বাজারের অন্যতম আলোচিত স্মার্টফোন হয়ে উঠতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!