ডেনমার্কে মসজিদ থেকে লাউডস্পিকারে আজান প্রচার নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির অভিবাসনমন্ত্রী মর্তেন বোদস্কভ। সরকারের দাবি, জনপরিসরে ক্রমবর্ধমান ‘ইসলামিকরণ’ রোধ করতেই এমন উদ্যোগ বিবেচনা করা হচ্ছে। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ড্যানিশ সংবাদ সংস্থা রিৎজাউকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিবাসনমন্ত্রী বলেন, ডেনমার্কের জনপরিসরে ধর্মীয় প্রতীক ও কর্মকাণ্ডের বিস্তার নিয়ে সরকার উদ্বিগ্ন। তাঁর ভাষ্য, দেশের বাড়িঘরের ছাদ থেকে আজানের আহ্বান শোনা যাওয়া উচিত নয়।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল ও ডেইলি টেলিগ্রাফ রিৎজাউয়ের সাক্ষাৎকারের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ডেনমার্কের মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মুসলিম। অভিবাসনমন্ত্রী দাবি করেন, মুসলিম সম্প্রদায়ের সংখ্যা ও উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে জনপরিসরের চরিত্রও পরিবর্তিত হচ্ছে, যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে সরকার মনে করছে।
এই মন্তব্য এমন সময়ে এলো, যখন প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের নেতৃত্বাধীন সরকার অভিবাসন নীতি আরও কঠোর করার পথে হাঁটছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ডেনমার্কের অভিবাসন নীতিকে ইতোমধ্যেই সবচেয়ে কঠোরগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।
তবে আজান নিষিদ্ধের পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সামনে আইনি চ্যালেঞ্জ রয়েছে। কারণ, ডেনমার্কের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা এবং স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার নিশ্চিত করা হয়েছে। সমালোচকদের মতে, কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় অনুশীলনকে লক্ষ্য করে আইন প্রণয়ন করা হলে তা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল হতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন ও ইসলামকে ঘিরে রাজনৈতিক বিতর্ক বেড়েছে। হিজাব, নেকাব এবং মসজিদে লাউডস্পিকারে আজান প্রচারের মতো বিষয়গুলো নিয়েও বিভিন্ন দেশে আলোচনা ও মতবিরোধ দেখা দিয়েছে।
এর আগে ২০২৬ সালের শুরুতে ডেনমার্কের পার্লামেন্ট আইন পাস করে দেশজুড়ে মুখঢাকা হিজাব ও নেকাব পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করে।
আজান নিষিদ্ধের সম্ভাব্য পরিকল্পনা এখনো আনুষ্ঠানিকভাবে আইন আকারে সংসদে উপস্থাপন হয়নি। তবে সরকারের এই অবস্থান ইতোমধ্যে দেশটির রাজনৈতিক অঙ্গন ও মানবাধিকার মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র : দ্য ডেইলি টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!