রাজধানীর খুচরা বাজারে এখনো স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের দামে। সপ্তাহের ব্যবধানে বড় কোনো পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও অধিকাংশ সবজির দাম উচ্চ পর্যায়েই রয়েছে। ফলে দৈনন্দিন বাজার করতে গিয়ে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর উত্তরা সমবায় বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। সোনালী মুরগির দাম ৩০০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি।

বাজার করতে আসা একাধিক ক্রেতা জানান, কয়েক মাস ধরেই নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে মাসিক বাজেট সামলানো কঠিন হয়ে পড়েছে। আগে নিয়মিত মাছ বা ভালো মানের মাংস কেনা গেলেও এখন হিসাব করে কেনাকাটা করতে হচ্ছে।

অন্যদিকে গরুর মাংসের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। বাজারে গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসি বা ছাগলের মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও মূল্য কমেনি। বিশেষ করে ইলিশের দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়।

এ ছাড়া পাঙ্গাস মাছ ২০০ টাকা, মাঝারি রুই ২৫০ থেকে ২৭০ টাকা, বড় রুই ও কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা এবং গলদা চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ছোট মাছের মধ্যেও কাঁচকি ৩০০ টাকা এবং মলা মাছ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। সামুদ্রিক মাছের মধ্যে রুপচাঁদা ৬০০ থেকে ৮০০ টাকা, লাল কোরাল ৫০০ থেকে ৬০০ টাকা এবং সুরমা মাছ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির বাজারেও তেমন স্বস্তি নেই। অধিকাংশ সবজির দাম ৫০ টাকার ওপরে রয়েছে। ঢেঁড়শ, করলা, পটল, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা এবং শিম ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচকলা প্রতি হালি ৩৫ থেকে ৪০ টাকা এবং পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম না কমায় খুচরা পর্যায়েও কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

এদিকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ বাজারদর পর্যালোচনায় দেখা গেছে, গত এক সপ্তাহে মোটা চাল, খোলা সয়াবিন তেল, দেশি পেঁয়াজ, রসুন, আদা, ব্রয়লার মুরগি, বেগুন, আলু, কাঁচামরিচ ও শসাসহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। অন্যদিকে বেশির ভাগ পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!