ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত হয়েছে নকআউট পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। শেষ ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে এশিয়ার শক্তিশালী দল জাপান।

মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ সময় সকালে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে জাপান। এর ফলে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে শেষ ৩২-এ মুখোমুখি হচ্ছে ব্লু সামুরাইরা।

দুই দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে। বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।

গ্রুপ পর্বে ব্রাজিল দুটি জয় ও একটি ড্র নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে নকআউটে জায়গা করে নেয়। একই গ্রুপের রানার্সআপ মরক্কো শেষ ৩২-এ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

ব্রাজিল ও জাপানের সাম্প্রতিক পরিসংখ্যানও বেশ আকর্ষণীয়। গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস গড়ে জাপান। দুই দলের ১৪টি সাক্ষাতের মধ্যে সেটিই ছিল জাপানের প্রথম জয়।

তবে বিশ্বকাপের মঞ্চে দুই দলের দেখা হয়েছে মাত্র একবার। ২০০৬ সালের সেই ম্যাচে ব্রাজিল ৪-১ গোলের বড় ব্যবধানে জাপানকে পরাজিত করেছিল।

এবারের বিশ্বকাপে জাপানকে অন্যতম ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গ্রুপ পর্বে তাদের শৃঙ্খলাবদ্ধ ফুটবল ও লড়াকু পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়রদের নেতৃত্বে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিলও।

সব মিলিয়ে হিউস্টনের এই লড়াইটি বিশ্বকাপের শেষ ৩২-এর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!