বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বহুল প্রতীক্ষিত নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া শূন্যপদের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। যাচাই শেষে প্রায় ৭৩ হাজার ২৩৯টি পদে নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুরুতে তিনটি অধিদপ্তরের মাধ্যমে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে বৈধ শূন্যপদের সংখ্যা দাঁড়ায় ৭৫ হাজার ৭৬৯টি।

এরপর বিভিন্ন কারণে আরও ২ হাজার ৫৩০টি পদ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চূড়ান্তভাবে প্রায় ৭৩ হাজার ২৩৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, শূন্যপদের এ সংখ্যা এখনও চূড়ান্ত নয়। কোনো প্রতিষ্ঠানের তথ্য সংশোধন বা নতুন তথ্য যুক্ত হলে পদসংখ্যা কিছুটা কমতে বা বাড়তে পারে।

এদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় যাচাইকৃত শূন্যপদের সংখ্যা সবচেয়ে বেশি। মোট যাচাইকৃত পদের মধ্যে ৪১ হাজার ৯৬৫টি পদ রয়েছে মাদরাসা পর্যায়ে।

তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ইবতেদায়ি মৌলভী পদে। এ পদে বর্তমানে ৬ হাজার ১৬৪টি শূন্যপদ রয়েছে, যা নবম গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এনটিআরসিএর নবম গণবিজ্ঞপ্তির অপেক্ষায় থাকা লাখো নিবন্ধনধারী চাকরিপ্রার্থীর জন্য এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!