২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতামত বিবেচনা করেই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। সভায় ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আরও কিছুটা পিছিয়ে নেওয়ার সুযোগ ছিল। তবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পবিত্র রমজান ও ঈদের আগেই পরীক্ষা শেষ করা হবে। সে কারণেই আগামী ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষা কার্যক্রমে সেশনজট কমানো সরকারের অন্যতম লক্ষ্য। পরীক্ষা ও ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন করা গেলে শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় হবে এবং উচ্চশিক্ষায় প্রবেশের পথও সহজ হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে সেশনজটের কারণে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর ক্ষেত্রে সম্মিলিতভাবে প্রায় ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হচ্ছে। এতে দেশের জনমিতিক লভ্যাংশ (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) অর্জনের সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সময়সূচি সমন্বয়ের উদ্যোগ নিয়েছে।
সভায় তিনি আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে ২০২৭ সালের শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম আরও সময়মতো পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!