দেশে ভ্যাটের আওতা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসায়িক খাতকে নির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আয় বাড়ানো এবং করের আওতা সম্প্রসারণের লক্ষ্যে নতুন কিছু ব্যবসায়িক খাতকে ভ্যাটের নির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে সরকারের মোট রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। আগামী অর্থবছরগুলোতে এই আয় আরও বাড়াতে নতুন উৎস চিহ্নিত করার কাজ চলছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী যেসব খাত নির্দিষ্ট করের আওতায় আসতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড় বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিক্সের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য বিক্রেতা, জুতার দোকান এবং হার্ডওয়্যার পণ্যের ব্যবসা।
এ ছাড়া ডেকোরেটরস, মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স পণ্যের বিক্রেতা, এসি, ফ্রিজ ও ওভেনের দোকান, পেইন্ট ও হার্ডওয়্যার ব্যবসা, স্যানিটারি ও ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটিনের ব্যবসা, রড ও সিমেন্ট বিক্রেতা, ফার্নিচার ব্যবসা, বিউটি পার্লার, মিষ্টান্ন ভান্ডার এবং রেস্টুরেন্টও এই পরিকল্পনার আওতায় রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে করজাল সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি কর ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে সরকারের।
তবে ব্যবসায়ী মহলের একটি অংশ মনে করছে, নতুন খাতকে ভ্যাটের আওতায় আনার ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি না করে কর ব্যবস্থা বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা।
এ বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নের অংশ হিসেবে পর্যায়ক্রমে এসব খাতকে নির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আনা হতে পারে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!