আসন্ন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য আবারও সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিলম্ব ফিসহ ফরম পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার সময় আগামী ২৫ জুন রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (২২ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। পাশাপাশি ‘সোনালী সেবা’ প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধের সুযোগও থাকবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এর আগে দুই দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিল। প্রথম দফায় সময়সীমা ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে দ্বিতীয় দফায় ১৫ ও ১৬ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়।

তবে এরপরও কিছু শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় শেষবারের মতো সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। ফলে যারা এখনো ফরম পূরণ করতে পারেননি, তারা আগামী ২৫ জুন রাত ১২টার মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

55

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের পর আর কোনো শিক্ষার্থীর জন্য ফরম পূরণের সুযোগ রাখা হবে না। তাই আগ্রহী পরীক্ষার্থীদের দ্রুত নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ফরম পূরণের কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!